বরখাস্তের পথে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা, আসছে প্রজ্ঞাপন

প্রকাশ:

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হতে পারে।

বরখাস্তের তালিকায় থাকা অন্য চার কর্মকর্তা হলেন মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। এদের মধ্যে রাজন কুমার দাস বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন