কক্সবাজার শহরের বাসটার্মিনাল সংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামের আব্দুল খালেক মজুমদারের ছেলে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই ওই হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেলের নথি অনুযায়ী শুক্রবার সকাল ১১টার দিকে তার চেকআউট করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা বিষয়টি কক্সবাজার সদর থানায় জানান।
পরবর্তীতে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে আতাউল কবিরের জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তার ব্যক্তিগত মালামাল জব্দ করেছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবছার আতাউল কবিরের কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।





