স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তিনি আরও বলেন, পুলিশ একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করবে।
আজ রোববার (২ আগস্ট) রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের অবদানের কথা তুলে ধরে বলেন, দেড় যুগ আগে তারা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল। ১৮ বছরের বঞ্চনা কাটিয়ে এই পুলিশ ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে এবং এটি অব্যাহত থাকবে।





