বোমা হামলার সতর্কবার্তা গুজব, জানাল পুলিশ সদর দপ্তর

প্রকাশ:

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর এই তথ্যটিকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সের ওই খুদে বার্তাটি দেশের পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানা যায়।

উক্ত বার্তায় উল্লেখ ছিল, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও বলা হয়, আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট, টহল বা মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা যেন সর্বোচ্চ সতর্কতার সহিত ডিউটি পালন করেন। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এই সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশের সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব। তবে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে এই ম্যাসেজটি পেয়েছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন