সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো নতুন প্রযুক্তি একদিকে যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা এখন প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং ও ডিজিটাল চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের কার্যক্রমের ধরনে পরিবর্তন আনা সময়ের দাবি। আধুনিক পুলিশিংয়ের জন্য সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, এই কোর্সের মাধ্যমে তারা শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবেন না, বরং প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যান্য তদন্তকারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণার্থীরা কার্যকরভাবে অন্যদের প্রশিক্ষণ দিতে পারলে সাইবার অপরাধ তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বাড়ানো সম্ভব হবে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি কাজী ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডিপ্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।





