ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে কোনো স্থায়ী বাস টার্মিনাল নেই। এর ফলে উপজেলা পরিষদ থেকে ভালুকজান ব্রিজ পর্যন্ত ব্যস্ততম প্রধান সড়কের ওপরই গাড়ি পার্কিং করতে বাধ্য হচ্ছেন চালকরা। ৫০০ মিটার দীর্ঘ এই জনগুরুত্বপূর্ণ সড়কের ওপর বাস ও সিএনজিচালিত অটোরিকশার স্টেশন গড়ে ওঠায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে, যা পথচারীদের জন্য চরম দুর্ভোগ বয়ে আনছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
ঢাকা থেকে আসা ফুলবাড়ীয়াগামী যাত্রীবাহী বাসগুলো সরাসরি সড়কের ওপরই যাত্রী নামিয়ে দেয় এবং সেখানেই গাড়ি পার্কিং ও ধোয়া-মোছার কাজ সম্পন্ন করা হয়। বিশেষ করে আলম এশিয়া পরিবহনের ১১০টি বাসের বড় একটি অংশ টার্মিনালের অভাবে সড়কের ওপরই রাখা হয়। ১৯৬৮ ও ১৯৭২ সালে জেলা মোটর মালিক সমিতি স্থানীয় বাস স্টেশনের জন্য মেইন রোডের পাশে ১৩ শতাংশ জমি কিনলেও বর্তমানে সেই জায়গা বেদখল হয়ে আছে। এছাড়া আন্তজেলা বাস সার্ভিসের জন্য আলম এশিয়া পরিবহন স্টেশনের পাশে ১৫ শতাংশ জমি ভাড়া নিলেও সেখানে মাত্র আটটি বাস রাখা সম্ভব।
পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, স্থায়ী টার্মিনাল না থাকার কারণেই তারা বাধ্য হয়ে সড়কে গাড়ি রাখছেন। ফুলবাড়ীয়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল শিকদার জানিয়েছেন, মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে টার্মিনাল নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান শাজাহান জানান, টার্মিনাল না থাকায় যাত্রী ও মালিক উভয় পক্ষই সংকটে রয়েছে এবং তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার জানান, পৌর বাস টার্মিনাল তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের হলেও আর্থিক সংকট এবং প্রয়োজনীয় জমির অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন। সচেতন মহল দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছে, কারণ প্রশাসনের নাকের ডগায় যেভাবে প্রধান সড়কে গাড়ি পার্কিং করা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২: ০৭আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২২: ২৭





