গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

প্রকাশ:

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার রাজউক কলেজের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন তার বক্তব্যে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে থাকা অতিরিক্ত বা হিডেন চার্জ বাতিলের দাবি জানান। তিনি বলেন, এসব যৌক্তিক দাবি মেনে নিলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং জনভোগান্তি লাঘব হবে।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ কেবল ঘোষণায় সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন যে, সরকার জুলাইয়ের চেতনার কথা মুখে বললেও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়া, দাবি পূরণ না হলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে তিনি আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন