ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

প্রকাশ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছা নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি তীব্র যানজটে আটকা পড়ে। দীর্ঘ চার ঘণ্টা গাড়ি স্থবির হয়ে থাকায় রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত।

মহাসড়কের এই তীব্র যানজটে সাধারণ যাত্রী ও বিদেশগামী যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বিদেশগামী যাত্রী মনির হোসেন জানান, তাকে দুপুর ১২টার মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে হবে। চান্দিনা থেকে গৌরীপুর পর্যন্ত আসতে তাকে ভেঙে ভেঙে অটোরিকশা ও সিএনজিতে ১২৫০ টাকা খরচ করতে হয়েছে। তিনি জানান, মহাসড়কে এআই ক্যামেরার কড়াকড়ির কারণে এবার কেউ উল্টো পথে গাড়ি চালানোর সাহস করছে না, যার ফলে যানজট আরও প্রকট হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় জানান, দুপুর ১২টার দিকে যানজট কিছুটা কমলেও সাড়ে ১২টার পর থেকে তা আবারও বাড়তে শুরু করে। বর্তমানে দাউদকান্দি টোল প্লাজা থেকে ঢাকামুখী লেনে কুমিল্লার দিকে যানজট ক্রমশ বাড়ছে। হাইওয়ে পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, যানজট চান্দিনা এলাকা পার হয়ে বুড়িচং উপজেলার নিমসারের কাছাকাছি পৌঁছেছে এবং মহাসড়কে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে।

শেয়ার করুন