মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান কূটনৈতিক অস্থিরতার মধ্যে দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা।
সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ–এর সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, হরমুজ প্রণালির উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব যাচ্ছে। এই দলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা রয়েছেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধিতে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমাগত বাড়ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি আরও বলেন, এই বিষয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান খুঁজে বের করতে তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে চায় এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে রিয়াদ ও ইসলামাবাদের সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।





