কুয়েতের সঙ্গে নতুন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি করল পাকিস্তান

প্রকাশ:

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচিত সামরিক সহযোগিতা চুক্তির কয়েক সপ্তাহের ব্যবধানে এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সম্পন্ন হয়।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় কুয়েতি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ আল শারিয়ান এবং কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতসহ উভয় দেশের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোকপাত করা হয়। পরে দুই মন্ত্রী যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর কুয়েতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই সমঝোতা মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছিল পাকিস্তান। বিশ্লেষকদের মতে, কুয়েতের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী ও সুসংহত হবে।

শেয়ার করুন