জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে এক ব্যক্তির নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর ও আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন পদ্মা ব্যাংক পিএলসির সাবেক এমডি ও সিইও আব্দুল মোতালেব পাটওয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো: রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঞা, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো: কাওসার হোসেন। এছাড়া এম এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: মমিনুর রহমান এবং মো: অজিত উল্লাহকেও এই মামলায় আসামি করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান টিমের দাখিল করা প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন অভিযোগের বিষয়ে পরিতুষ্ট হয়ে এই নিয়মিত মামলাটি দায়ের করে। অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন একজন তদন্তকারী কর্মকর্তা এবং একজন পরিচালককে (ব্যাংক) তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছিল। অনুসন্ধানে বেরিয়ে আসে যে, ভুয়া কাগজপত্র সৃজন করে অভিযোগকারীর নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাৎ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।





