জাতীয় সংসদে বিরোধী দলের ওয়াকআউট: কারণ জানাল বিরোধী দলীয় নেতা

প্রকাশ:

গণভোটের রায়কে উপেক্ষা করে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠন করার প্রতিবাদে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। সোমবার (১৩ জুলাই) সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নরুল ইসলাম মনি সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। এই বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিরোধী দলের সদস্যরা অধিবেশন বর্জন করেন।

ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের অবস্থানের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমরা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি আলাদা শপথ গ্রহণ করেছি। যদি এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্যই হয় সেই শপথকে বাইপাস করা, তবে আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই অটল আছি।

গণভোটের গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা আরও বলেন, গণতন্ত্রের মূল দাবিই হলো জনগণের মতামতকে সম্মান জানানো। ৭০ শতাংশের পাশাপাশি জনগণের এই রায় যদি উপেক্ষা করা হয়, তবে সাধারণ মানুষ ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা হারিয়ে ফেলবে এবং একপর্যায়ে বিদ্রোহী হয়ে উঠতে পারে।

শেয়ার করুন