অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নড়াইলে অভিযান

প্রকাশ:

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গত সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখাত। ক্রেতারা পণ্য অর্ডার করলে তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়া হতো। এরপর কোনো পণ্য সরবরাহ না করেই ক্রেতাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত এই প্রতারক চক্র।

সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘স্নিকার্স হাব বিডি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে জুতা অর্ডার করেন। বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেওয়ার পর চক্রটি পণ্য না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে নড়াইলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম, অতিরিক্ত ছাড় বা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে যাচাই ছাড়া অপরিচিত কাউকে অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন