৩১ বছর পূর্ণ করলেন ওমর সানী ও মৌসুমী, আবেগঘন বার্তা

প্রকাশ:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের বিবাহিত জীবনের ৩১ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই দিনটি উদযাপনের অংশ হিসেবে অভিনেতা ওমর সানী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে স্ত্রী মৌসুমীকে উদ্দেশ করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, 'হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।' তার এই পোস্টটি মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের নজর কাড়ে এবং মন্তব্যের ঘরে দম্পতিটির প্রতি ভালোবাসায় ভরে ওঠে।

ঢালিউডের এই সফল জুটির পথচলা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯২ সালে পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার সূত্রে প্রথম পরিচয় হলেও সেটিতে তাদের কাজ করা হয়নি। পরবর্তীতে ১৯৯৩ সালে 'দোলা' সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধেন তারা। শুটিংয়ের সময় ছোটখাটো মনোমালিন্যের মধ্য দিয়ে গড়ে ওঠা সেই ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়। এরপর ১৯৯৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই তারকা দম্পতি এখনও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে বিবেচিত।

শেয়ার করুন