বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নিয়োগ দেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসবে এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে এই নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি আরও বলেন, বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া ওমানের ভিসা পুনরায় চালুর জন্য বর্তমান সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
ব্রিফিংয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যার বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, সেখানে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এরইমধ্যে ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন। মামলা দায়েরসহ ইতালিতে তার অবস্থানকালীন সব ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।





