দুই দিনের পতনের পর বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল

প্রকাশ:

টানা দুই কার্যদিবসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার স্থিতিশীল হওয়ার পথে রয়েছে। বুধবার (৫ আগস্ট) গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা প্রায় ০.৩৩ শতাংশ বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে।

একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হচ্ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের সম্ভাবনা এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এই পরিস্থিতির প্রভাবেই তেলের বাজারে সাময়িক স্থিতিশীলতা ফিরে এসেছে।

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা শুরু হওয়ার দাবি তেহরান অস্বীকার করেছে, তবুও এই কূটনৈতিক তৎপরতার ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে প্রভাব পড়েছে।

শেয়ার করুন