নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

প্রকাশ:

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের রায় আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

এর আগে গত ২০ আগস্ট এই মামলার শুনানি শেষ হয়। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে অংশ নেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

মামলাটির কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি গত ১০ জুন একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শোনার লক্ষ্যে গঠিত এই দ্বৈত বেঞ্চটি গত ১৪ জুন থেকে শুনানি শুরু করে। রাষ্ট্রপক্ষ মামলার বৃত্তান্ত বা পেপার বুক উপস্থাপনের মাধ্যমে শুনানির কার্যক্রম শুরু করেছিল।

শেয়ার করুন