মাঠের হেডই কেড়ে নিয়েছে বিশ্বকাপজয়ী নবি স্টাইলসের প্রাণ

প্রকাশ:

১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয় করা কিংবদন্তি ফুটবলার নবি স্টাইলসের মৃত্যুর পেছনে মাঠে বারবার বলে হেড দেওয়াকে দায়ী করেছেন তদন্তকারীরা। দীর্ঘ ১৭ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি অন্তত ১ লাখ ৩৬ হাজার বার বলে হেড করেছিলেন, যা তার মস্তিষ্কে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামক মারাত্মক রোগের জন্ম দেয়। এই রোগ পরবর্তীতে ডিমেনশিয়া ও আলঝেইমারে রূপ নিলে ২০২০ সালে ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

দক্ষিণ ম্যানচেস্টারের সিনিয়র করোনার অ্যালিসন মাচ এ বিষয়ে স্পষ্ট অভিমত দিয়ে জানিয়েছেন, বারবার হেড না করলে স্টাইলসের সিটিই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে তিনি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং দেশটির শিক্ষা বিভাগে বিশেষ সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিউরোপ্যাথলজি বিশেষজ্ঞ ড্যানিয়েল ডু প্লেসিস, যিনি স্টাইলসের মস্তিষ্ক পরীক্ষা করেছিলেন, তিনিও একই মত পোষণ করেছেন। তার মতে, বারবার হেড করার ফলে সিটিই হওয়া এখন একটি প্রতিষ্ঠিত সত্য এবং স্টাইলসের ক্ষেত্রে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

নবি স্টাইলসের ছেলে জন স্টাইলস তার বাবার ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ম্যাচে একজন খেলোয়াড় সাধারণত ১০টির বেশি হেড করেন না। তবে তার বাবা অনুশীলনের সময় প্রতিদিন ৩০ থেকে ৫০ বার পর্যন্ত হেড করতেন, যার ফলে দীর্ঘ ক্যারিয়ারে সেই সংখ্যা ১ লাখ ৩৬ হাজারে গিয়ে ঠেকেছে। যে হেডের মাধ্যমে তিনি একসময় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছিলেন, সেই হেডই আজ ফুটবল বিশ্বের সামনে খেলোয়াড়দের মস্তিষ্কের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

শেয়ার করুন