মহাসড়কে কোনো থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে যেকোনো ধরনের থ্রি হুইলার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ ও এআই ক্যামেরার উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো অবস্থাতেই থ্রি হুইলার মহাসড়কে উঠতে পারবে না এবং মহাসড়কে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এই নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ। এই স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং এবং উলটোপথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনাগুলো শনাক্ত করা হবে। অপরাধ শনাক্ত হওয়ার পর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ চলে যাবে, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা কমাতে এই এআই ক্যামেরার রেকর্ড কার্যকর ভূমিকা রাখবে। মালিক বা শ্রমিক—যাদের মাধ্যমেই চাঁদাবাজি হোক না কেন, তা ক্যামেরায় রেকর্ড থাকবে। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালু করা হয়েছে এবং কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন সাপেক্ষে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এটি কার্যকর করা হবে।

হাইওয়ে পুলিশের প্রত্যাশা অনুযায়ী, এই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে। এর ফলে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন