তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য: অর্থমন্ত্রী

প্রকাশ:

বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের তথ্য বিভ্রান্তির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্ত জননীতি প্রণয়নের জন্য অপরিহার্য। বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণের কাছে দেয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার যাতে সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সরকার তার ভিত্তিতে কাজ করতে পারে। অর্থমন্ত্রী জানান, তিনি নিজেও কিছু তথ্য যাচাই করেছেন, যার মধ্যে চাল ও গোশতের দাম কমার তথ্যও রয়েছে। সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা ও যাচাই করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তথ্য কয়েকবার যাচাই করেছি এবং বেশ কয়েকটি বৈঠক করেছি। নতুন মূল্যস্ফীতির তথ্য সঠিকভাবেই দেওয়া হয়েছে।’

সরকারের যথাযথ নীতি সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ ও হিসাব করা হয়, তা নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ করা হয়, পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। তখন আপনারা সরকারের তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বুঝতে পারবেন এবং এ ধরনের আরো প্রশ্নের উত্তর আমরা দেবো।’

শেয়ার করুন