বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনে আসা তথ্যগুলোকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টার দিকে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, দেশে আল-কায়েদার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হয়তো এ ধরনের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্যের উৎস ও ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ।

ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছে, তা নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়টি দেশটির রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা নিয়ে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে এই সংকট শুরুর পর থেকে এখন পর্যন্ত তা সমাধান হয়নি। যদি প্রথম তিন-চার বছরের মধ্যে এর সমাধান সম্ভব হতো, তবে পরিস্থিতি এত জটিল আকার ধারণ করত না। সময়ের সঙ্গে সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন