নীলফামারীর ডোমারের আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার শূন্য

প্রকাশ:

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির পাসের হার শূন্য শতাংশ বলে নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়টিতে ভবন, শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত কম। বিদ্যালয়টির নথিপত্রে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৫৫ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ জন উপস্থিত থাকে। ১৯৯২ সালে এক একরের বেশি জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ২০০০ সালে নিম্নমাধ্যমিক শাখায় এমপিওভুক্ত হয় এবং ২০০৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। তবে মাধ্যমিক পর্যায়ের জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিম্নমাধ্যমিক শাখার শিক্ষকদের দিয়েই মাধ্যমিক স্তরের পাঠদান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষক ও ছয়জন কর্মচারী রয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিকরুল হক জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত না হওয়া, অভিভাবকদের অসচেতনতা, বাল্যবিবাহ এবং শিক্ষক সংকট পড়াশোনায় ধারাবাহিকতা নষ্ট করেছে। এর ফলে এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে ব্যর্থ হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শিক্ষকদের গাফিলতি ও যথাযথ নজরদারির অভাবে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ দুর্বল হয়ে পড়েছে।

ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম জানিয়েছেন, আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন