জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। গত ৩০ জুলাই ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি মাঠ পর্যায়ে জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনের ফি ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৩৪৫ টাকা (ভ্যাটসহ) ফি দিতে হবে।
হারানো কার্ড উত্তোলনের ক্ষেত্রে সাধারণ আবেদনের ফি প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জরুরিভাবে কার্ড উত্তোলনের ক্ষেত্রে এই ফি যথাক্রমে ৩০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকা ধার্য করা হয়েছে, যার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
অন্যান্য সেবার মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের ফি ৫০০০ টাকা, নির্বাচনী দলিল পরিদর্শন ও কপি সংগ্রহের ফি ১০০ টাকা, ভোটার তালিকার সার্টিফাইড কপির ফি ১০০ টাকা এবং ভোটার তালিকা দেখার ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে প্রতি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে।
সরকারি বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে এনআইডি তথ্য যাচাইয়ে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি তথ্য যাচাইয়ে ২ টাকা ফি প্রযোজ্য। অন্যদিকে, বেসরকারি সংস্থার ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং সাব-ইউজারের সংখ্যার ওপর ভিত্তি করে প্রথম ৭০টির জন্য প্রতিটিতে ৪ হাজার টাকা ও পরবর্তী প্রতিটির জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ের ফি ৫ টাকা।





