রাজধানীর মিরপুর পীরের বাগ এলাকা থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে ওইদিন শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
আদালতে শুনানি চলাকালে আসামি নিবাস মজুমদারের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন।





