যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরীকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আড্ডা আর গণমাধ্যমভিত্তিক আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক সহকর্মী আলোচনায় অংশ নিয়ে তার কর্মময় জীবনের নানা দিক এবং সাংবাদিকতা দর্শনের ওপর আলোকপাত করেন। তারা তাকে কেবল একজন সম্পাদক নয়, বরং একজন অভিভাবক ও সাহসী সাংবাদিকতার পথিকৃত হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি দায়বদ্ধতার জায়গা। তিনি সহকর্মীদের সঙ্গে কাটানো সময়গুলোকে জীবনের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। বর্তমান সাংবাদিকতার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের নিজেদের পরিচয় দেয়ার আগে রাজনৈতিক পরিচয় দিতে বেশি ভালোবাসা এই সংকটের অন্যতম কারণ। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি পেটে থাকুক, কিন্তু প্রকাশের প্রয়োজন নেই। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ৫৫ বছরের স্বাধীন বাংলাদেশে আমরা একে অপরকে পেছন থেকে টানছি। আগামীতে বাংলাদেশের সামনে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে এবং এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে দেশ সঠিক পথে এগোবে না।
মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসে থেকেও সাংবাদিকতা চর্চা বজায় রাখায় উপস্থিত সাংবাদিকদের প্রশংসা করেন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শুরুতে দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান। এরপর মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম এবং মানবজমিনের সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদের যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম. এম. শাহীন, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনা আরা, মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, ইব্রাহিম চৌধুরী খোকন, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, শফিকুল ইসলাম লুতু, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, রানো নেওয়াজ, আফরোজা ইসলাম, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, তোফাজ্জল লিটন, আপেল মাহমুদ, সাখাওয়াত হোসেন সেলিম, মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, আবু বকর সিদ্দিক ও টিপু আলম প্রমুখ।




