নতুন স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার ধারণা ভুল: তথ্য উপদেষ্টা

প্রকাশ:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—এই ধারণাটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে দেশে মূল্যস্ফীতি বাড়বে কি না, এমন বিতর্কের প্রতিক্রিয়ায় জাহেদ উর রহমান বলেন, ‘একটা জিনিস মিস করছি, বেতন কি অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি, অনেক সরকারি কর্মচারী আছেন, তাঁদের অনেকের বেতন ইনক্রিমেন্ট হতে হতে ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাঁদের বেতন আসলে কত টাকাই–বা বাড়বে?’

উপদেষ্টা আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, ১০০ শতাংশ স্কেলে যখন উন্নীত হয়ে যাবে, বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে। কথাটি কিন্তু এ রকম নয়। আমরা কি পয়েন্টটি ধরতে পেরেছি? অনেক সিনিয়র কর্মচারী আছেন, তাঁদের বেতন ইনক্রিমেন্ট হতে হতে নতুন বেতন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।’ জাহেদ উর রহমানের মতে, এটি মূলত বৈষম্য কমানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।

নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ। সেই হিসাবে সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। এছাড়া সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।

শেয়ার করুন