নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি

প্রকাশ:

ভারতে এনইইটি বা নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের কোনো পরিকল্পনা রাখছে না। সরকারের এই অবস্থান থেকে এটি স্পষ্ট যে, আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রীকে সরানোর বিষয়ে তারা নতি স্বীকার করবে না।

এদিকে, গত শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দ্বিতীয় দফায় সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে ভারত সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের পক্ষ থেকে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং অংশ নেন।

বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে। একই সঙ্গে সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার আগামীকালের বিকেল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে।

শেয়ার করুন