নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা

প্রকাশ:

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

তবে এই দাবির বিপরীতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকারের একটি সূত্রের দাবি, পদত্যাগ করা সহজ সিদ্ধান্ত হলেও জনগণ তাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই দায়িত্ব পালনে সরকার বদ্ধপরিকর। এই বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট যে, আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

এদিকে, শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের পক্ষে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিজেপি জানিয়েছে যে, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল রয়েছে।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, তারা সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় অংশ নিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের না করা। সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবির বিষয়ে বিবেচনার জন্য আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে।

শেয়ার করুন