হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলের দফতর সেলের পাঠানো এক চিঠিতে বুধবার (২৯ জুলাই) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হবিগঞ্জে পদযাত্রা চলাকালে দলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই মূলত বুধবার দেশজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির সব মহানগর, জেলা, উপজেলা এবং থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।





