জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি বর্তমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় ক্লাবে পরিণত করেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তীব্র সমালোচনা করেন।
নাহিদ ইসলাম জানান, গত ৬ মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। তিনি দাবি করেন, এসব পদ এখন মনোনয়ন বঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ ও সারসহ অন্যান্য খাতে। বর্তমানে গ্যাস চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে, যার ফলে ঢাকা শহরে চুলা জ্বলছে না এবং শিল্প কারখানায় উৎপাদন কমেছে। তিনি আরও বলেন, সরকার দুই বছর বিদ্যুৎতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও দুই মাসের মাথায় তা বাড়িয়ে দিয়েছে। এছাড়া লোডশেডিং, ভুতুড়ে বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার কোনো বিশেষ সংকট মোকাবিলায় দায়ভার এড়াচ্ছে এবং ফ্যাসিস্ট বা অন্তর্বর্তী সরকারের ওপর দোষ চাপাচ্ছে। অথচ বর্তমান সরকার এর চেয়েও খারাপ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিল। কৃষকরা সার পাচ্ছে না এবং উচ্চমূল্যে তা কিনতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্যখাতে হাম মহামারির মতো সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে এবং কোনো বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি। শিক্ষাঙ্গন দখল এবং বিরোধী মতাদর্শের ওপর হামলার বিচারহীনতার সংস্কৃতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ৬ মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে, সরকার গণভোটের গণরায় প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় কমিটির সুপারিশও মানা হচ্ছে না বলে তিনি জানান।





