ছাত্রশক্তির কর্মসূচিতে বিশৃঙ্খলা, এনসিপি নেতাকে শোকজ

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামার স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, গত ২৬ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত আলোচনা সভা চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে এই ঘটনার পেছনে এস এম সুইটের প্রত্যক্ষ ইন্ধন ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ ঘটনায় সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠান চলাকালীন বর্তমান শাখা কমিটি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্যবিরোধী আন্দোলনের ২৪ জন নেতাকে মঞ্চের পাশে হট্টগোল করতে দেখা যায়।

শেয়ার করুন