রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল

প্রকাশ:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দণ্ডাদেশ পাওয়া কর্মকর্তারা মার্জনা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন।

শাস্তি বাতিল হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।

ঘটনার সূত্রপাত ঘটে ২০২৫ সালের জুন মাসে, যখন রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের সময় এসব কর্মকর্তা তাঁদের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এই কর্মকাণ্ড ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি (খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত ও বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাসব্যাপী আন্দোলন করেন। জুন মাসের শেষ দিকে দেশের সব শুল্ক-কর কার্যালয়ে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আদায় প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছিল। এনবিআর ইতিহাসে এমন নজিরবিহীন আন্দোলনের পর ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি স্থগিত করা হয় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন