নাটোরের লালপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকার আলী মার্কেটের একটি পরিত্যক্ত দোকান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) এবং একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. ঝুমুর আলী (৩৪)।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের পরিত্যক্ত দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হবে।





