গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত অস্ত্রের তালিকায় রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান। এছাড়া ৩২৫টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মাদক উদ্ধারের এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং এ সংক্রান্ত অপরাধে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।





