জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বান জানিয়েছেন যে, ওলামায়ে কেরামকে শুধু মসজিদের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে জাতির ইমামতির দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তিনি বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিতে এগিয়ে আসেন, তবে তাদের নেতৃত্বে কাজ করতে তার দল প্রস্তুত রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও স্পষ্ট করেন যে, তাদের এই বক্তব্য সরকারের বিরোধিতার জন্য নয়, বরং সরকারকে সতর্ক ও সহযোগিতা করার উদ্দেশ্যে। তিনি বলেন, দেওবন্দী, আহলে হাদীস, সুন্নি ও জামায়াতসহ দেশের সকল ইসলামি ঘরানার আলেমদের কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী। তিনি আক্ষেপ করে বলেন, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরও বাকস্বাধীনতা মেলেনি। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় রাশেদ প্রধান বলেন, বর্তমানে দেশে বাকস্বাধীনতার অভাব রয়েছে এবং এর প্রমাণ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নয় বরং নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। বর্তমান পরিস্থিতিকে তিনি অভ্যুত্থান নয়, বরং আসন্ন বিপ্লবের পূর্বাভাস হিসেবে বর্ণনা করেন।
সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ সব অধিকার আদায়ের লক্ষ্যে নতুন একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।





