মেট্রোরেল ও আধুনিক সেফ সিটি গড়ার পরিকল্পনা এমপি দিপুর

প্রকাশ:

নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা, আধুনিক মেট্রো সিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর সেফ সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এমপি দিপু ভূঁইয়া জানান, যদিও মেট্রোরেলের মূল পরিকল্পনায় নারায়ণগঞ্জ যুক্ত ছিল না, তবুও রুটটি জেলায় সম্প্রসারণের জন্য সরকারের কাছে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। মেট্রোরেল চালু হলে জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিল্প ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জকে মেট্রো সিটি ঘোষণার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়িত হলে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পুরো শহরকে এআই প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া দীর্ঘদিন অব্যবহৃত থাকা জিয়া হলের স্থানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চেম্বারের উদ্যোগে একটি স্কিল ট্রেনিং সেন্টার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি জানান।

শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জকে দ্রুত ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান দিপু ভূঁইয়া। তিনি বলেন, অব্যবহৃত নতুন কোর্ট ভবনটি সরকারি দপ্তরের কাজে দ্রুত ব্যবহার নিশ্চিত করা হলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন