শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের আরিফুল ইসলামের একটি হাফ-বিল্ডিং ঘরও আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের মূল্যবান মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে দুটি লাইনের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।





