ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশের গলিতে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ নামের একটি চিকিৎসাকেন্দ্রে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। চাঁদা না দেওয়ার জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার চেম্বারে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানা-হেঁচড়া করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর করছেন। এ সময় তালহাজুর রহমান প্রতীক ঘটনাটি নিজের মুঠোফোনে ধারণ করছিলেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।
শনিবার দুপুরে মো. আশিকুর রহমান কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করা হয়েছে এবং বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।
ঘটনার বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে, একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়বস্তুর জেরে এই হামলার সূত্রপাত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





