কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতাকে আটক করল পুলিশ

প্রকাশ:

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কলাবাগান থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত দুজন হলেন ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) এবং তাঁর মা ফিরোজা বেগম (৩৮)।

পুলিশের প্রাথমিক তদন্ত ও তথ্য অনুযায়ী, সকালে হৃদয় ওরফে শিপন (৩০) এবং তাঁর স্ত্রী ফারজানার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মেয়েকে রক্ষা করতে মা ফিরোজা বেগম এগিয়ে এলে হৃদয় তাঁদের দুজনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত হৃদয়কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, শরীয়তপুরের বাসিন্দা এই দম্পতি শনিবার মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে রাতে ফারজানা তাঁর বাবার বাড়িতে চলে আসেন। আজ সকালে হৃদয় সেখানে উপস্থিত হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, যা পরে হত্যাকাণ্ডের রূপ নেয়। পুরো ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন