মোজতবা খামেনি ‘পুরোপুরি সুস্থ’, জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশ:

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মোজতবা খামেনি শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তিনি সম্প্রতি মোজতবা খামেনির সঙ্গে প্রায় সাত ঘণ্টা বৈঠক করেছেন। এই দীর্ঘ বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট এই বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেছেন।

এর আগে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও মোজতবা খামেনির বৈঠকের খবর প্রকাশিত হয়। তবে বৈঠকের আগে ও পরে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। এ কারণে তার শারীরিক অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। পেজেশকিয়ানের এই বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো ইরান সরকারের পক্ষ থেকে মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে সরাসরি মন্তব্য পাওয়া গেল।

শেয়ার করুন