বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। শুক্রবার বিকেলে নরসিংদী জেলা শহরের তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, মাত্র ছয় মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বাংলাদেশকে নতুন আঙ্গিকে সাজাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমান সরকার স্থানীয় সরকারের পাঁচটি স্তরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন জনগণকে উপহার দেবে।
ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময়ে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে তারেক রহমানকে বিদেশে নির্বাসনে পাঠিয়েছিল। তবে বাংলার মানুষের ভালোবাসায় আজ ভোটের মাধ্যমে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন শারমিন এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টারসহ স্থানীয় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





