মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
সংসদের প্রশ্নোত্তর পর্বে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন যে, মডেল মসজিদ নির্মাণে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটিতে উন্নীত করা হয়েছে। এছাড়া অনেক মসজিদে নির্মাণগত ত্রুটির কারণে ছাদ চুঁইয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। তিনি এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনী এলাকায় নির্মিত একটি মডেল মসজিদের নির্মাণগত ত্রুটির বিষয়টি তুলে ধরেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও এর প্রাক্কলিত ব্যয় যথাযথ ছিল কি না, তা তদন্তের দাবিটি যৌক্তিক। তিনি উল্লেখ করেন, অতীত সরকারের সময়ে বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ রয়েছে। মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটিতে পৌঁছাল, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কতটি মসজিদ নির্মিত হয়েছে এবং প্রতিটি প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে, সে বিষয়গুলোও তদন্তের আওতায় থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবারই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে এই তদন্ত প্রক্রিয়ায় সরকারের অন্যান্য সংস্থাকেও সম্পৃক্ত করা হতে পারে বলে তিনি আশ্বস্ত করেন।




