দেশজুড়ে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে এবার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ।’ তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে পোস্টটি দেওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৭০ হাজার রিঅ্যাকশন পড়েছে। এছাড়া পোস্টটিতে ৮ হাজারের বেশি মন্তব্য এসেছে এবং ৪ হাজারের বেশি শেয়ার হয়েছে।





