ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত এতদিন তার ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় আড়ালে রেখেছিলেন, যা অবশেষে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে ‘গট ম্যারিড’ যুক্ত করার মাধ্যমে বিবাহিত জীবনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
মিষ্টি জানিয়েছেন, তার জীবনসঙ্গী একজন ব্যবসায়ী। তবে তিনি কেবল ব্যবসার সঙ্গেই যুক্ত নন, মিডিয়া অঙ্গনের সঙ্গেও তার কিছুটা যোগাযোগ রয়েছে। আপাতত স্বামীর পরিচয়, পেশার বিস্তারিত কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ— কোনোটিই প্রকাশ করতে রাজি নন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, বিয়েটি বাংলাদেশে সম্পন্ন হয়েছে। তবে সম্পর্কটি কতদিনের বা বিয়ের সঠিক সময় ও স্থান সম্পর্কে জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এটি কোনো পারিবারিকভাবে ঠিক করা সম্পর্ক নয়, বরং ভালোবাসার সম্পর্ক থেকেই তাদের বিয়ে হয়েছে।
বিয়ের বিষয়টি কেন গোপন রাখা হয়েছিল— এমন প্রশ্নে মিষ্টি বলেন, ব্যক্তিগত জীবনের সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আগ্রহের জায়গাটা আর থাকে না। তার মতে, সব রহস্য একসঙ্গে ফাঁস করে দিলে ‘সাসপেন্স’ বলে আর কিছু থাকবে না। তবে স্বামীকে চিরদিন আড়ালে রাখার পরিকল্পনা তার নেই। উপযুক্ত সময় এলে তিনি তাকে সবার সামনে আনবেন, এমনকি মজার ছলে ইতালিতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রী জানান, বিয়েটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না; বেশ কিছুদিন আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত কিছু কারণে এতদিন খবরটি গোপন রেখেছিলেন তিনি। এ ছাড়া প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে পাওয়া বিরক্তিকর পরিস্থিতি থেকেও তিনি রেহাই পেতে চেয়েছিলেন। অনেক সময় অপরিচিত ব্যক্তিরা ব্যক্তিগত পরিসরে ফোন করা বা দেখা করার প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতেন, যা একজন অভিনেত্রী হিসেবে তার ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত ছিল।
বর্তমানে বিয়ে হলেও এখনই পুরোপুরি সংসার জীবনে প্রবেশ করেননি মিষ্টি। আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। ভবিষ্যতে স্বামীর সঙ্গে একটি সুন্দর ও স্বাভাবিক সংসারজীবন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।





