বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

প্রকাশ:

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

একই সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমও বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণ উপলক্ষে মির্জা ফখরুল ইসলামকে পৃথক অভিনন্দন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

উপসাগরীয় এই দেশটিতে বৃহৎ সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, যারা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

শেয়ার করুন