বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান। তিনি বলেন, কখনো ভাবিনি রাষ্ট্রপতি হব, এটি দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি হিসেবে তাকে মনোনয়ন দেয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, কর্মব্যস্ততার মধ্যেও সবসময় জনগণের জন্য এবং নিজ এলাকার উন্নয়নে তিনি পাশে থাকবেন। সাক্ষাতের সময় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানান। এ সময় মন্ত্রী উপস্থিত সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।





