শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত ও জবাবদিহিমূলক করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী এই কর্মশালায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকারের প্রতি জনগণের যে সুউচ্চ প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশ, তাই নিজেদের শাসক মনে না করে জনগণের প্রকৃত সেবক হিসেবে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও জানান, নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই কর্মকর্তাদের মূল দায়িত্ব এবং নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না।

পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রশাসনিক কাঠামোতে ব্যাপক রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাবপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সঠিক উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি গুরুত্বপূর্ণ সংস্থায় রূপান্তর এবং তথ্য-পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রচলিত কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বয়ে ‘এগ্রো-ইন্ডাস্ট্রি’ গড়ে তুলতে হবে। এ ছাড়া বিশাল জনসংখ্যাকে দক্ষ করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জন্মহার নিয়ন্ত্রণে স্থবির হয়ে থাকা পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।

শেয়ার করুন