মেট্রোরেলের সময় বাড়ানোর পরিকল্পনা, রাতে আরও ট্রেন চালুর উদ্যোগ

প্রকাশ:

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশের একটি রেস্তোরাঁয় কর্মরত রবিউল ইসলাম প্রতিদিন ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করেন। যাত্রীদের ভিড় এবং শেষ ট্রেনের সীমাবদ্ধতার কারণে তাকে প্রায়ই বিপাকে পড়তে হয়। রবিউলের মতো অনেক নিয়মিত যাত্রীর যাতায়াত সহজ করতে মেট্রোরেল কর্তৃপক্ষ এখন সময়সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, গত ৭ জুন থেকে উভয় দিক থেকে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছিল। তবে শেষ ট্রেনের ক্ষেত্রে ২০ মিনিটের বিরতি থাকায় যাত্রীদের বেশ ভিড় পোহাতে হচ্ছে। এই চাপ কমাতে চলতি মাসের শেষ দিকেই আরও দুটি ট্রেন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন দুটি ট্রেন চালু হলে শেষ ট্রেনের মধ্যবর্তী বিরতি ২০ মিনিট থেকে কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এর ফলে দৈনিক যাত্রী পরিবহন ক্ষমতা আরও বাড়বে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে রাত ১১টায় শেষ ট্রেন ছাড়ার সময় নির্ধারণ করা হতে পারে।

এই নতুন সময়সূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন করেছে ডিএমটিসিএল। বর্তমানে নতুন নিয়োগপ্রাপ্ত চালক বা অপারেটরদের প্রশিক্ষণ চলছে, যা ২৬ আগস্ট শেষ হবে। এরপর তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণ কাজের প্রস্তুতি কীভাবে নেওয়া হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বর্তমানে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায় এবং উত্তরা থেকে মতিঝিলের পথে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। তবে সকালে চলাচলের সময় বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে উত্তরা থেকে এবং সোয়া ৭টায় মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে।

প্রকল্পের শুরুর দিকে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াতের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেন। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতি সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। আগামী বছর কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ শেষ হলে দৈনিক যাত্রীসংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয় এবং ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা শুরু হয়।

শেয়ার করুন