রাজধানীর গুরুত্বপূর্ণ দুই মেট্রোরেল স্টেশন, মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় পরিত্যক্ত ব্যাগ ও বস্তাকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা-পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এ সময় স্টেশন দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়। তারা এক্স-রে পরীক্ষার মাধ্যমে পরিত্যক্ত ব্যাগটি পর্যবেক্ষণ করে ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখতে পায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, ব্যাগটি খুলে সেখানে জর্দার একটি কৌটা ও পান পাওয়া গেছে; কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি সেখানে ছিল না।
একইভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। সেখানেও বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়ে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এর ভেতরে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
বিকেলে ডিএমপি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো বিস্ফোরক নয়। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে যাচাইবিহীন তথ্য বা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে, সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে।





