২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত গড়াবে মেট্রোরেলের চাকা

প্রকাশ:

রাজধানীর মেট্রোরেল ব্যবস্থার যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৭ সালের এপ্রিলে চালু করা হবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাস থেকে এই বর্ধিত লাইনে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। তবে তার আগেই জানুয়ারি মাস থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলক এই চলাচল নিয়মিত যাত্রীসেবার সময় শেষ হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে সম্পন্ন করা হবে। উল্লেখ্য, এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যা লাইন-৬ নামে পরিচিত। উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত এই লাইনের মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছিল।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, চলতি বছরের জুন মাস পর্যন্ত এই সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যশৈলী এবং প্রবেশ ও বাহির হওয়ার পথের নির্মাণকাজ চলমান। ২০২৬ সালের জুন মাস নাগাদ কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ তৈরির কাজ শেষ হয়েছে।

স্টেশনটির সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় অবকাঠামোর কাজও দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং রঙের কাজ চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি সেগমেন্ট কাস্টিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি দ্রুতই আনা হবে। আগামী দুই মাসের মধ্যেই ট্র্যাক স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প কর্মকর্তারা।

শেয়ার করুন